অনলাইন ক্লাসের জন্য ডাটা পেলেন শাবির ২০ ভাগ শিক্ষার্থী

১৫ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৪৯  
করোনায় চলমান অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য প্রণোদনা হিসেবে দ্বিতীয়বারের মতো একমাস মেয়াদি ১৫ জিবি করে ডাটা প্যাকেজ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দুই হাজার ২৪৩ জন শিক্ষার্থী। যা বিশ্ববিদ্যালয়ের মোট শিক্ষার্থীর প্রায় ২০ ভাগ। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, করোনা মহামারির প্রথমদিক থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে অনলাইন ক্লাস চালু হয়েছে। অনলাইন ক্লাসে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে ইন্টারনেট ডাটা দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমরা আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে এ সেমিস্টার সম্পন্ন করতে পারব। এর আগে গত ১৬ আগস্ট বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ২১৬ জন শিক্ষার্থীকে ১৫ জিবি করে ডাটা প্যাকেজ দিয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।